সাংবাদিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি পেশাগত স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সাংবাদিকদের নিজেদের পায়ে শক্ত হয়ে দাঁড়াতে হবে এবং পেশাগত সমস্যাগুলো সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে প্রতিনিধিদলটি তাঁর সঙ্গে সাক্ষাৎ করে।
রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ গণমাধ্যম। গণতন্ত্রে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাখার ব্যাপক সুযোগ রয়েছে। গণমাধ্যম গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে সেই ব্যবস্থাকে এগিয়ে নিতে ভূমিকা রাখলে তা জনগণের জন্য সবচেয়ে বেশি কল্যাণ বয়ে আনে।
সাক্ষাৎকালে সাংবাদিকদের বিভিন্ন পেশাগত সমস্যা নিয়েও আলোচনা হয়। অন্যায়ভাবে চাকরিচ্যুতি বন্ধ, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সাংবাদিকদের ওপর সহিংসতার ঘটনায় বিচার নিশ্চিত করার মতো বিষয়গুলো তুলে ধরে পেশাদার সাংবাদিক সংগঠনগুলোকে আরও ঐক্যবদ্ধ ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।
ডিআরইউ প্রতিনিধিদল সংগঠনের কার্যক্রম, পরিচিতি এবং সদস্যদের কল্যাণে পরিচালিত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। পাশাপাশি সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় তাঁর সহযোগিতা কামনা করে।
এ সময় প্রতিনিধিদল ডিআরইউ আয়োজিত ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায়।
রাষ্ট্রপতি গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তাঁর বিভিন্ন কর্মসূচির কথা স্মরণ করেন। সাংবাদিকদের সাহসী ভূমিকার জন্য তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। ডিআরইউর উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেসসচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















