ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণের জন্য নির্দেশিকা তৈরি করবে। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বৃহস্পতিবার নগর ভবনে এক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানান।
তিনি বলেন, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ জারি থাকা সত্ত্বেও অনেক বিধি ঠিকমতো মানা হচ্ছে না। তাই ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের জন্য একটি বিস্তারিত নির্দেশিকা তৈরি করা হবে। এতে বলা হবে, কোন এলাকায় বাড়িভাড়া কেমন হবে এবং বাড়ির সেবা অনুযায়ী সর্বাধিক ভাড়া কত হতে পারে।
প্রশাসক এজাজ আরও জানান, বাসায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ভূমিকম্প সহনীয় কমপ্লায়েন্স থাকা আবশ্যক। হোল্ডিং ট্যাক্স ঠিকমতো না দিলে ডিএনসিসি সেই বাড়িতে কোনো সেবা দেবে না। এছাড়া ভাড়াটিয়াদের জন্য এগ্রিমেন্টের ফরম্যাট ওয়েবসাইটে সরবরাহ করা হবে। রেসিডেনশিয়াল এলাকায় কমার্শিয়াল কার্যক্রমও বন্ধ রাখার ব্যবস্থা করা হবে।
তিনি জানান, অনেক বাড়ির মালিক ভাড়াটিয়াদের কাছ থেকে যে ভাড়া নেন, সে অনুযায়ী হোল্ডিং ট্যাক্স প্রদান করেন না। তাই সিটি করপোরেশন এই তথ্যের বিষয়টি নজরদারি করবে।


















