শুক্রবার , ২ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রূপপুরের ইউরেনিয়াম নিয়ে রাশিয়া থেকে ঢাকার পথে কার্গো বিমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ

Spread the love

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম নিয়ে রাশিয়া থেকে ঢাকার উদ্দেশে একটি কার্গো বিমান রওনা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। রাশিয়া থেকে রওনা হওয়া বিমানটি ভারতে যাত্রাবিরতি করে ঢাকায় আসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়ামের একটি চালান দেশে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়। রাশিয়া ও বাংলাদেশ কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হলেও ওই চালানটি আসেনি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোতে মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম।

প্রথম ইউনিটের কমিশনিংয়ে অগ্রগতি

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। গত বুধবার সকালে ১৬ মেগাপ্যাসকেল উচ্চচাপে প্রেসার-অপারেটেড রিলিফ ভালভের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

রোসাটম জানিয়েছে, ত্রুটি সংশোধনের পর মঙ্গলবার রাতে পরীক্ষাটি শুরু হয় এবং বুধবার সকালে সফলভাবে শেষ হয়। প্রধান নিয়ন্ত্রণকক্ষ ও জরুরি নিয়ন্ত্রণকক্ষ—দুই জায়গা থেকেই পরীক্ষা পরিচালনা করা হয়।

পরীক্ষায় নিয়ন্ত্রণ ভালভগুলোর কার্যকারিতা যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট প্রধান নিরাপত্তা ভালভের কার্যক্রম ও প্রতিক্রিয়াও পরীক্ষা করা হয়। এ সময় ভালভের খোলা ও বন্ধ হওয়ার কার্যক্রম, অ্যালার্ম এবং সংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি বিষয় পর্যবেক্ষণ করা হয়।

রোসাটমের ভাষ্য অনুযায়ী, অনুমোদিত পদ্ধতি ও প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত মেনেই পুরো পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় রোসাটম ও এর সহযোগী প্রতিষ্ঠান পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে।

কেন্দ্রটিতে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট চালু হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

সর্বশেষ - অপরাধ