বুধবার , ২২ এপ্রিল ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এস আলমের সাথে সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২২, ২০২৬ ৩:৫২ পূর্বাহ্ণ

Spread the love

এস আলম গ্রুপের সাথে সরকারের কোনো ধরনের সমঝোতার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য (কুমিল্লা-৪) হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, অর্থনৈতিক অনিয়মের ক্ষেত্রে কারো সাথে আপস করার কোনো সুযোগ নেই।

সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তাঁর প্রশ্নে উল্লেখ করেন যে, ইসলামী ব্যাংক ও জনতা ব্যাংক মিলিয়ে এস আলম গ্রুপ একাই ১ লাখ ৫ হাজার কোটি টাকারও বেশি খেলাপি ঋণের জন্য দায়ী। তিনি জানতে চান, এই বিশাল অর্থ পুনরুদ্ধারে সরকারের বিশেষ কোনো পরিকল্পনা আছে কি না অথবা কোনো গোপন সমঝোতা হচ্ছে কি না। জবাবে অর্থমন্ত্রী বলেন, “বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারো সঙ্গে কোনো সমঝোতা করার কোনো সুযোগ নেই। যারাই ব্যাংক থেকে টাকা নিয়ে পালিয়েছে, সবার বিরুদ্ধে মামলা হয়েছে এবং অর্থ পুনরুদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে।”

টাকা উদ্ধারের কৌশল সম্পর্কে মন্ত্রী জানান, আত্মসাৎকৃত অর্থ ফিরিয়ে আনতে সরকার দ্বি-মুখী ব্যবস্থা গ্রহণ করেছে। একদিকে ‘জি টু জি’ (সরকার থেকে সরকার) পর্যায়ে যোগাযোগ ও আইনি প্রক্রিয়া চলছে, অন্যদিকে বিদেশি ‘প্রাইভেট রিকভারি ফার্ম’ বা বেসরকারি অর্থ উদ্ধারকারী প্রতিষ্ঠানগুলোকেও এই কাজে নিয়োজিত করা হয়েছে। অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে নির্দিষ্ট কোনো গ্রুপের নাম সরাসরি উচ্চারণ না করলেও ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মন্ত্রী আরও দাবি করেন যে, বিগত সময়ে বিএনপির শাসনামলে আর্থিক শৃঙ্খলা বা সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি এবং বর্তমান সরকারও সেই ধারাবাহিকতায় আর্থিক খাতে স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর। বিশেষ করে শেয়ার বাজার লুটপাট বা ব্যাংক খাতের বিশৃঙ্খলা রোধে সরকার কোনো ছাড় দেবে না বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত