বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী হিসেবে তারেক রহমান সবসময় দেশের গ্রামীণ জনপদ ও কৃষকের ভাগ্যবদল নিয়ে ভাবেন। মঙ্গলবার টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রিজভী উল্লেখ করেন, তারেক রহমানের এই আধুনিক কৃষি পরিকল্পনা কোনো তাৎক্ষণিক বিষয় নয়; বরং দীর্ঘ ৮-৯ বছর ধরে তিনি এই স্বপ্ন ও পরিকল্পনা লালন করে আসছেন যা এখন বাস্তবায়িত হচ্ছে।
রিজভী আরও বলেন, তারেক রহমান তার বাবা শহীদ জিয়ার দেখানো পথেই হাঁটছেন। জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ যেভাবে রপ্তানিতে বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছিল, তারেক রহমানের নেতৃত্বে সেই সোনালি দিন আবার ফিরে আসবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত আওয়ামী শাসনামলে দেশকে চাল আমদানির ওপর নির্ভরশীল করা হলেও তারেক রহমানের সময়োপযোগী উদ্যোগের ফলে বাংলাদেশ আবারও দ্রুত খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে।
তার মতে, এই ‘কৃষক কার্ড’ কেবল একটি পরিচয়পত্র নয়, বরং এটি কৃষকদের আধুনিক সুযোগ-সুবিধা ও সরাসরি সরকারি সহায়তা নিশ্চিতের একটি শক্তিশালী মাধ্যম। তারেক রহমানের এই দূরদর্শী নেতৃত্ব কৃষকদের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করবে এবং দেশের কৃষি ব্যবস্থায় এক নতুন বিপ্লবের সূচনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ মন্ত্রী ও উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।


















