উত্তরাঞ্চলের মানুষের বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নীলফামারীতে ২ হাজার ৪৫৯ কোটি টাকা ব্যয়ে ১ হাজার শয্যাবিশিষ্ট ‘বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, ২০২৬ থেকে ২০২৯ সালের মধ্যে বাস্তবায়িতব্য এই প্রকল্পে চীন বড় অংকের অনুদান দিচ্ছে। ১০ তলা বিশিষ্ট এই আধুনিক হাসপাতালে নেফ্রোলজি, কার্ডিওলজি ও অনকোলজিসহ বিভিন্ন বিশেষায়িত বিভাগ থাকবে, যা রংপুর ও ঢাকার ওপর রোগীদের চাপ কমাবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, এই হাসপাতালটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে কাজ করবে এবং নেপাল-ভুটানের রোগীরাও এখানে সেবা পাবেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে চিকিৎসক ও নার্সসহ প্রায় ৩,৫০০ মানুষের কর্মসংস্থান হবে এবং স্থানীয় মানুষের দীর্ঘ ভ্রমণের ভোগান্তি কমবে।



















