জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে জনগণকে শাহবাগে এসে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দেশের সর্বস্তরের মানুষকে শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে শাহবাগে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়।
এর আগে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছালে সড়ক অবরোধ করা হয়, ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন।
বিক্ষোভ চলাকালে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা। কর্মসূচিতে নেতৃত্ব দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভকারীরা শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় প্রচারকালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



















