সাম্প্রতিক সহিংস ঘটনাগুলো সম্পূর্ণভাবে পরিকল্পিত এবং এর পেছনে সুস্পষ্ট রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন সেই পথে এগোচ্ছে না—এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।
সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা মিলনায়তনে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে সম্পাদক পরিষদ ও নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এ সভার আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, প্রথম আলো, ডেইলি স্টারসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলাকারীরা জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান, শহীদদের নাম ও আন্দোলনের ভাষা ব্যবহার করে সহিংসতার পক্ষে সামাজিক সমর্থন তৈরির চেষ্টা করেছে। তার মতে, কয়েক হাজার মানুষের সম্পৃক্ততা প্রমাণ করে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত সহিংসতা।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলন কিংবা শহীদ শরিফ ওসমান হাদির নাম ব্যবহার করে সংঘটিত সহিংসতার দায় সবার রয়েছে। তবে যারা শুরুতে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদের দায় আরও বেশি।
এনসিপির আহ্বায়ক বলেন, বিপ্লব-পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতাকে কাজে লাগিয়ে পরিকল্পিত অপরাধ সংঘটিত হচ্ছে। এসব ঘটনার মূল লক্ষ্য দেশের রাজনীতি ও নির্বাচনকে একটি নির্দিষ্ট পথে প্রবাহিত করা।



















