ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত প্রত্যক্ষ হামলাকারী ও পরিকল্পনাকারীদের গ্রেফতারসহ তিন দফা দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তিনি।
সোমবার বিকেলে তিন দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন সাদিক কায়েমের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, তিন দফা দাবি দ্রুত বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন না এলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। তিনি প্রধান নির্বাচন কমিশনারের ‘বিচ্ছিন্ন ঘটনা’ মন্তব্যের নিন্দা জানিয়ে বক্তব্য প্রত্যাহার ও জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় গণকমিটি গঠনের আহ্বান জানান ডাকসু ভিপি। তিনি বলেন, এসব কমিটির মাধ্যমে ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে থানায় সোপর্দ করতে হবে।
এদিন তিনি তিন দফা দাবি তুলে ধরেন। প্রথম দাবিতে ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সবাইকে গ্রেফতার, সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সংস্থাগুলোকে জবাবদিহির আওতায় আনা এবং গাফিলতির প্রমাণ মিললে বিচার নিশ্চিত করার কথা বলেন। পাশাপাশি হামলাকে সমর্থন দেওয়া ও জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তোলার সঙ্গে জড়িতদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান।
দ্বিতীয় দাবিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান, সংগঠনের সব স্তরের সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধার দাবি করা হয়।
তৃতীয় দাবিতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করা এবং অভিযুক্তদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার দাবি জানানো হয়। অভিযুক্তদের ফেরত না দেওয়া পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করার আহ্বানও জানান তিনি।



















