বকিছু অনুকূলে থাকলে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ প্রায় ১৮ বছর নির্বাসিত অবস্থায় থাকার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার মাটিতে পা রাখবেন। তিনি বলেন, “এটি শুধু বিএনপির জন্য নয়, গণতন্ত্রকামী কোটি মানুষের জন্যও একটি স্বস্তির খবর।”
তিনি আরও বলেন, গত এক যুগের বেশি সময় ধরে তারেক রহমান গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং গণতন্ত্র উত্তরণের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার দেশে ফেরার মাধ্যমে গণতন্ত্রের পথে যে বাধাগুলো রয়েছে, সেগুলো দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান এবং সেখানেই অবস্থান করে আসছিলেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজা বাতিল ও অব্যাহতি পাওয়ার প্রেক্ষাপটে দেশে ফেরার বিষয়টি জোরালোভাবে আলোচনায় আসে।
এর আগে বিএনপি নেতারা তার দেশে ফেরার কথা বললেও সুনির্দিষ্ট তারিখ জানানো হয়নি। এবার প্রথমবারের মতো নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন দলের মহাসচিব।



















