বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।
শুক্রবার দুপুর ১২টার একটু আগে তিনি হাসপাতালটিতে উপস্থিত হন।
এর আগে, বেলা পৌনে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি বিমানবন্দরে পৌঁছান এবং ভিআইপি ফটক দিয়ে সরাসরি হাসপাতালে রওনা হন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজ শুক্রবার লন্ডনে নেওয়া হচ্ছে না।
শারীরিক অবস্থা ঠিক থাকলে এবং মেডিকেল বোর্ডের অনুমোদন পেলে, তিনি আগামী রবিবার লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনও পৌঁছায়নি। কারিগরি কারণে এটি শুক্রবার আসছে না এবং সবকিছু স্বাভাবিক থাকলে শনিবার পৌঁছতে পারে।



















