কক্সবাজার, পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম শহরে মাঝরাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ার বহু মানুষ কম্পন টের পান।
আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯ এবং উৎপত্তিস্থল মিয়ানমার। ইউএসজিএস জানায়, স্থানীয় সময় রাত ১২টা ৫৫ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পটির উৎস ছিল ভূগর্ভের ১০৬.৮ কিলোমিটার গভীরে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও একই তথ্য নিশ্চিত করেছে এবং জানিয়েছে, উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৩১ কিলোমিটার দূরে।
মিয়ানমার ভূমিকম্পপ্রবণ অঞ্চলের একটি দেশ। ভারত ও ইউরেশিয়া—এই দুই টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় দেশটি দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের ঝুঁকির মুখে রয়েছে।


















