বহুল আলোচিত বিডিআর হত্যাযজ্ঞের তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। প্রতিবেদনটিতে হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক, প্রশাসনিক ও সামরিক পর্যায়ের বিভিন্ন ব্যক্তির সম্পৃক্ততার গুরুতর অভিযোগ উঠে এসেছে। এ ঘটনায় সমন্বয়কারীর ভূমিকা পালন করেছেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস—এমন মন্তব্যও এসেছে কমিশনের পক্ষ থেকে।
রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানসহ সদস্য মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান বীরপ্রতীক (অব.), যুগ্মসচিব (অব.) মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ডিআইজি (অব.) ড. এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন।
সংবাদ ব্রিফিংয়ে কমিশন প্রধান ফজলুর রহমান জানান, ১৬ বছর আগের ঘটনাটির বহু আলামত নষ্ট থাকায় তদন্তে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে। সরকারি-বেসরকারি ২৭টি প্রতিষ্ঠানে ৯০৫টি চিঠি পাঠানো হয় এবং দীর্ঘ অনুসন্ধানের পর হত্যাকাণ্ডের কারণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা ও সেনাবাহিনীর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি জানান, রাজনৈতিক, সিভিল ও সামরিক পর্যায়ের বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
তিনি আরও বলেন, বিডিআর সদস্যদের অভ্যন্তরীণ ক্ষোভ, ডাল-ভাত কর্মসূচি, বিডিআর শপের অতিরিক্ত দায়িত্ব, কিছু সদস্যের সেনা কর্মকর্তাদের অগ্রহণযোগ্যতা ও বহিঃশক্তির প্রভাব—এ সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দরবার হলে হত্যাকাণ্ড চলাকালীন র্যাব সদস্যরা অদূরে অবস্থান করলেও নির্দেশ না পাওয়ায় এগিয়ে যাননি বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
প্রধান উপদেষ্টা কমিশন সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, দীর্ঘদিন অন্ধকারে থাকা জাতি এ প্রতিবেদনের মাধ্যমে সত্য জানার সুযোগ পেল। ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কমিশন বেশ কিছু সুপারিশও প্রদান করেছে।
গত বছরের ২৩ ডিসেম্বর এ হত্যাযজ্ঞের পূর্ণাঙ্গ তদন্তে সাত সদস্যের স্বাধীন জাতীয় কমিশন গঠন করা হয়। কমিশনে সামরিক বাহিনীর দুইজন, বিশ্ববিদ্যালয়ের দুইজন, সিভিল সার্ভিসের একজন ও পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিলেন।



















