জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল রায় ঘোষণা করবেন। হাইকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকা, রাজধানীর দোয়েল চত্বর থেকে শিক্ষাভবন অভিমুখী সড়কসহ গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী। সন্দেহভাজনদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যানচলাচল কিছু অংশে বন্ধ রাখা হয়েছে।
মামলায় মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছিল। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ১২ মে প্রতিবেদন জমা দেয়, যা আনুষ্ঠানিকভাবে ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র ২ হাজার ১৮ পৃষ্ঠা, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি ৪ হাজার ৫ পৃষ্ঠা, শহীদদের তালিকার বিবরণ ২ হাজার ৭২৪ পৃষ্ঠা। ১ জুন ট্রাইব্যুনালে তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।


















