পার্বত্য রাঙামাটির বাঘাইছড়িতে সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর বিরুদ্ধে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। রবিবার (২৮ জুলাই) সকালে বাঘাইহাট ইউনিয়নের হরেন্দ্র পাড়ায় সংগঠনটির আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর বাঘাইহাট জোন (৬ ইবি)-এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযান শুরুর পর ইউপিডিএফ সদস্যরা সেনাসদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি হয়। পরে সশস্ত্র সংঘর্ষে ইউপিডিএফ সদস্যরা পরাস্ত হয়ে পালিয়ে যায়।
অভিযান শেষে ইউপিডিএফের ফেলে যাওয়া আস্তানা থেকে সেনাবাহিনী উদ্ধার করে—
- একটি একে-৪৭ রাইফেল
- একটি গাদা বন্দুক
- একটি দেশীয় তৈরি পিস্তল (এলজি)
- একটি ম্যাগাজিন
- ছয় রাউন্ড বল অ্যামুনিশন
- এক রাউন্ড তাজা কার্তুজ
- ৪২টি খালি খোসা
- চারটি ওয়াকিটকি সেট ও চার্জার
- একটি জিপিএস ডিভাইস
- গোপন ভিডিও ক্যামেরাযুক্ত কলম ও বোতাম
- ইউপিডিএফের পতাকা, আর্মব্যান্ড, এবং বিভিন্ন বই
- চাঁদা আদায়ের রসিদ বই দুটি
রাঙামাটি জেলার পুলিশ সুপার ডা. এসএম ফরহাদ হোসেন জানান, “অভিযানে এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে।”



















