ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে লম্বা ছুটি শুরু হয়েছে। গতকাল রবিবার (১ জুন) থেকে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিক ছুটি কার্যকর হয়েছে। যদিও শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ মে থেকেই এসব প্রতিষ্ঠান বন্ধ ছিল। অন্যদিকে, দেশের সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি কলেজে ঈদের ছুটি শুরু হবে আগামীকাল ৩ জুন।
এবারের ছুটির ক্ষেত্রে কিছু ভিন্নতা দেখা যাচ্ছে। কোনো প্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ থাকছে, আবার কোথাও মাত্র ১০ দিন ছুটি। সবচেয়ে দীর্ঘ ২৫ দিনের ছুটি পাচ্ছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত চলতি ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
মাধ্যমিক বিদ্যালয়ে ২৩ দিনের ছুটি
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো টানা ২৩ দিন বন্ধ থাকবে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ছুটির আগে সর্বশেষ ক্লাস হয়েছিল গত বৃহস্পতিবার। ঈদের ছুটির সঙ্গেই মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশও চলবে। এই দীর্ঘ ছুটি শেষ হবে ১৯ জুন। যদিও ২০ জুন বিদ্যালয় খোলার কথা থাকলেও, সেদিন শুক্রবার হওয়ায় শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন থেকে পুনরায় মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে।
মাদ্রাসায় ২৫ দিনের দীর্ঘ ছুটি
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে মাদ্রাসায় সবচেয়ে বেশি, টানা ২৫ দিন ছুটি থাকছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রকাশিত মাদ্রাসার শিক্ষাপঞ্জি অনুযায়ী—তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের সমন্বিত ছুটি ১ জুন থেকে শুরু হয়েছে, যা ২৫ জুন পর্যন্ত চলবে। ২৬ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে।
সরকারি-বেসরকারি কলেজে ১০ দিনের ছুটি
অন্যদিকে, ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি কলেজগুলো ১০ দিন বন্ধ থাকবে। কলেজগুলোতে শুধুমাত্র ঈদের ছুটি থাকছে, এর সঙ্গে কোনো গ্রীষ্মকালীন অবকাশ নেই। কলেজের শিক্ষাপঞ্জি অনুযায়ী—সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি ৩ জুন থেকে শুরু হয়ে ১২ জুন পর্যন্ত চলবে। ১৩ জুন থেকে পুনরায় কলেজে পুরোদমে ক্লাস শুরু হবে।


















