রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ২৬ কেজি ওজনের বিশাল পাঙাশ মাছ ধরা পড়েছে। রবিবার ভোরে উপজেলার দৌলতদিয়া অংশের কলাবাগান এলাকায় জেলে সোনাই হালদারের জালে মাছটি ধরা পড়ে।
পরে মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসা হলে ওজন হয় ২৬ কেজি। প্রতি কেজি ২ হাজার ৬০০ টাকায় নিলামে মাছটি বিক্রি হয়, মোট দাম দাঁড়ায় ৬৭ হাজার ৬০০ টাকা।
মাছটি ক্রয় করেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ, যিনি জানিয়েছেন সামান্য লাভে এটি দেশের বিভিন্ন স্থানে বিক্রি করবেন।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, পদ্মা-যমুনার মোহনায় বড় আকারের মাছ প্রায়ই ধরা পড়ে। পদ্মার মাছের স্বাদ অনন্য হওয়ায় এর দামও তুলনামূলকভাবে বেশি।


















