জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বৈঠক শেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের স্ট্যাটাসে আলোচনার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। এতে বাংলাদেশের নতুন সরকারের প্রতি জাপানের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী।
স্ট্যাটাসে তাকাইচি জানান, গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধের অংশীদার হিসেবে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পথচলাকে স্বাগত জানিয়েছেন। বাংলাদেশে গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের রাষ্ট্র গঠনের প্রচেষ্টায় জাপান দৃঢ় সমর্থন দেবে বলেও উল্লেখ করেন তিনি।
জাপানের প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, মঙ্গলবারের বৈঠকে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ গুরুত্ব পেয়েছে ‘মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’ (এফওআইপি) রূপকল্প বাস্তবায়নে বাংলাদেশের ভূমিকা এবং দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে ‘বিগ-বি’ (BIG-B) উদ্যোগ।
স্ট্যাটাসে আরও বলা হয়, জাপানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশকে শান্তিপূর্ণ জাতি হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বিভিন্ন খাতে জাপান সরকার ও দেশটির জনগণের দীর্ঘদিনের সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন।
তাকাইচি উল্লেখ করেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াকে সংযুক্ত করার ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ বাজার ও সম্ভাবনাময় দেশ। বাংলাদেশের এই অবস্থান ও সম্ভাবনা জাপানের অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
স্ট্যাটাসের শেষাংশে জাপানের প্রধানমন্ত্রী জানান, দুই দেশের কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে দুই দেশ ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভবিষ্যতেও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি


















