জন্মদিনে দুই মণ শিউলি ফুল চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। তাঁর সেই ইচ্ছা পূরণে চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে শিউলি ফুল পাঠিয়েছেন এক শুভাকাঙ্ক্ষী। তবে উপহারদাতার পরিচয় গোপন রেখেছেন অভিনেত্রী। এরপর থেকেই উপহার পাঠানো ব্যক্তিকে নিয়ে শুরু হয় আলোচনা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা করেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়। পরে তাঁর প্রশ্নের জবাবও দিয়েছেন পরীমনি।
গত শনিবার (২৪ অক্টোবর) ছিল পরীমনির ৩৪তম জন্মদিন। এ উপলক্ষে ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্তোরাঁয় বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জন্মদিন উদ্যাপন করেন তিনি। আয়োজনের সাজসজ্জা থেকে শুরু করে পোশাক—সবকিছুতেই ছিল শিউলি ফুলের ছোঁয়া। রেস্তোরাঁর সিঁড়ি সাজানো হয়েছিল শিউলি ফুল দিয়ে। পরীমনির পরনেও ছিল শিউলি ফুলের নকশা করা শাড়ি।
জন্মদিনের কয়েক দিন আগে ফেসবুকে পরীমনি লিখেছিলেন, তাঁর দুই মণ শিউলি ফুল প্রয়োজন, ২৪ অক্টোবর দুপুর ১২টার মধ্যে। জন্মদিনের অনুষ্ঠানে অভিনেত্রী জানান, তাঁর সেই ইচ্ছার কথা শুনে চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে ফুল পাঠিয়েছেন একজন শুভাকাঙ্ক্ষী।
এমন উপহার পেয়ে মুগ্ধতা প্রকাশ করে পরীমনি বলেন, শিউলি ফুলের কথা মাথায় রেখেই জন্মদিনের আয়োজন করেছেন তিনি। এ জন্য ফেসবুকে অনেকগুলো শিউলি ফুল চেয়ে পোস্টও দিয়েছিলেন। তবে এত ফুল জোগাড় করা সহজ নয়। ফুল বেশিক্ষণ সতেজ রাখাও কঠিন। এর মধ্যেই একজন তাঁকে চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে শিউলি ফুল পাঠিয়েছেন।
জয়ের রসিকতায় পরীমনির জবাব
পরীমনির জন্য উড়োজাহাজে শিউলি ফুল পাঠানোর খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ফেসবুকে রসিকতা করেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়।
পরীমনির প্রশংসা করে জয় লেখেন, অভিনেত্রী ইন্ডাস্ট্রির মানুষকে আপন করে নেন, তাঁদের আপ্যায়ন করেন এবং ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা ছড়িয়ে দেন। এরপর রসিকতার সুরে তিনি জানতে চান, চট্টগ্রামের কোন ধনী ব্যক্তির স্বামী পরীমনির জন্য উড়োজাহাজে শিউলি ফুল পাঠিয়েছেন। তিনি আরও লেখেন, নিজেও অনেককে এমন ফুল দিয়েছেন, কিন্তু ধরা পড়েননি।
জয়ের ওই পোস্টে মন্তব্য করে পরীমনি জানান, ফুল পাঠানো ব্যক্তি কোনো পুরুষ নন, একজন নারী। তবে ওই নারীর নাম বা পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। ফলে উপহারদাতাকে ঘিরে রহস্য এখনো রয়ে গেছে।
জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা
জন্মদিনের আয়োজনেই নতুন সিনেমার খবর দিয়েছেন পরীমনি। ‘ফারজানা’ নামের ছবিটি পরিচালনা করছেন তারেক রহমান। এরই মধ্যে সিনেমাটির বেশির ভাগ শুটিং শেষ হয়েছে।
পরীমনি জানান, ছয় মাস আগেই সিনেমাটির জন্য তাঁর লুক ঠিক করা হয়েছিল। কিছু কাজ এখনো বাকি রয়েছে। সেগুলো শেষ হলে সিনেমাটি নিয়ে বিস্তারিত জানাবেন তিনি।
পরিচালক তারেক রহমান জানান, সিনেমাটিতে পরীমনিকে একজন সংগ্রামী নারীর চরিত্রে দেখা যাবে। এই ছবির মাধ্যমে দর্শক পরীমনিকে নতুনভাবে আবিষ্কার করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।


















