রবিবার , ২৫ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আজ থেকে খুলছে অফিস-আদালত, ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৬ ৮:০৭ পূর্বাহ্ণ

Spread the love

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস। ছুটির শেষ দিনে গতকাল দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। নৌ, রেল ও সড়কপথে সকাল থেকেই ছিল ঢাকামুখী যাত্রীদের চাপ। তবে যাত্রীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর গাবতলী, মহাখালী, আবদুল্লাহপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও গুলিস্তানের বাস টার্মিনালগুলোতে ঢাকায় ফেরা মানুষের ভিড় ছিল। একই চিত্র দেখা গেছে কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনেও। দেশের বিভিন্ন গন্তব্য থেকে কর্মস্থলে ফিরেছেন অনেকে।

কমলাপুর রেলস্টেশনে সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে একের পর এক যাত্রীবোঝাই ট্রেন ঢাকায় পৌঁছায়। অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়েই স্টেশনে এসেছে। ঢাকামুখী ট্রেনগুলোতে যাত্রীর চাপ বেশি থাকলেও ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে তুলনামূলক চাপ কম ছিল।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ কবির উদ্দিন মোল্লা বলেন, সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। ঢাকার বাইরে থেকে আসা বেশির ভাগ ট্রেনেই যাত্রী পূর্ণ ছিল। দুপুরের পর থেকে রাজধানীতে ফেরার চাপ আরও বেড়েছে। রোববারও যাত্রীর চাপ অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।

এগারো সিন্দুর ট্রেনের যাত্রী জাকিয়া সুলতানা দিপা জানান, মেয়ে তাসফিয়া সোহা ও ছেলে সাফওয়ান আহনাফকে নিয়ে পূজার ছুটিতে গ্রামের বাড়ি ভৈরবের শ্রীনগরে গিয়েছিলেন তিনি। ছুটি শেষে গতকাল এগারো সিন্দুর ট্রেনে ঢাকায় ফিরেছেন। তাঁর ভাষ্য, ট্রেনে যাত্রীর চাপ ছিল অনেক বেশি—ঈদের ছুটির পর ফেরার সময় যেমন ভিড় দেখা যায়, তেমনই অবস্থা ছিল।

অন্যদিকে যাত্রাবাড়ী, সায়েদাবাদ, মহাখালী, গাবতলী ও গুলিস্তানের বাস কাউন্টারগুলোতেও ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে। টেকনিক্যাল এলাকার দেশ ট্রাভেল পরিবহনের ম্যানেজার রাজন জানান, শনিবার সারাদিন যাত্রীদের চাপ ছিল। রোববার সকাল পর্যন্ত এ চাপ অব্যাহত থাকতে পারে।

এদিকে যানবাহনে যাত্রীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন রাজধানীতে ফেরা যাত্রীরা। তাঁদের অভিযোগ, ছুটিতে বাড়ি যাওয়ার সময় অতিরিক্ত ভাড়া দিতে হয়েছে। ফেরার পথেও নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ থেকে ২০০ টাকা বেশি দিতে হচ্ছে।

রাজশাহী থেকে ফেরা মশিউর রহমান বলেন, নন-এসি বাসের নির্ধারিত ভাড়া ৭০০ থেকে ৮০০ টাকা হলেও এক হাজার টাকার নিচে কোনো টিকিট পাওয়া যাচ্ছে না।

গতকাল ছুটির কারণে রাজধানীতে যানবাহন ও মানুষের চলাচল ছিল তুলনামূলক কম। তবে আজ থেকে অফিস-আদালত খুলে যাওয়ায় ব্যস্ত ঢাকা আবারও স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ