মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে: সালাহউদ্দিন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৬, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ

Spread the love

জুলাই জাতীয় সনদে যেভাবে নোট অব ডিসেন্টসহ স্বাক্ষর করা হয়েছে, সেভাবেই এটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংসদ মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপির নোট অব ডিসেন্টসহ সনদে যেভাবে স্বাক্ষর হয়েছে, সেটিই অনুসরণ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যেই সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি বিভিন্ন পক্ষের বক্তব্য শুনছে।

তিনি বলেন, নোট অব ডিসেন্টসহ যেভাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়েছে, তা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে সরকার আগেও একাধিকবার অবস্থান জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নোট অব ডিসেন্টকে বাদ দিয়ে বা আলাদাভাবে বিবেচনা করে সনদ বাস্তবায়নের কোনো অবস্থানে তারা নেই। যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেসব বিষয়ে সবাই স্বাক্ষর করেছেন এবং জাতীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হয়েছে। তাই সনদটি যেভাবে স্বাক্ষর হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে।

তবে শুধু জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করলে সংবিধান সংশোধনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে সংবিধান সংশোধনের ক্ষেত্রে আরও বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হবে বলে জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনী ইশতেহারে থাকা বিভিন্ন বিষয়, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বক্তব্য এবং সমাজের বিভিন্ন অংশের পক্ষ থেকে আসা প্রস্তাবগুলোও বিবেচনায় নেওয়া হবে। এসব বিষয় ধারণ করে একটি প্রতিবেদন তৈরি করা হবে এবং পরবর্তী সময়ে তা বিল আকারে সংসদে উপস্থাপনের জন্য দেওয়া হবে।

শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময়

এদিকে বিশেষ কমিটির বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় করা হয়। এতে শহীদদের মা-বাবা, ভাইসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মোট ৬৩ জন অংশ নেন।

সালাহউদ্দিন আহমদ জানান, মতবিনিময়ে জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি এবং শহীদ ও আহতদের সাংবিধানিক সুরক্ষার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্রের সংশ্লিষ্ট বিষয়গুলো সংবিধানের উপযুক্ত জায়গায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবও এসেছে।

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষায় ইতোমধ্যে আইন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের সাংবিধানিক সুরক্ষার বিষয়টিও সংবিধানের নির্দিষ্ট জায়গায় অন্তর্ভুক্ত করা হবে।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে দায়ীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিও এসেছে বলে জানান কমিটির সভাপতি। মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার ত্বরান্বিত করতে সরকার আন্তরিক বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ - অপরাধ