যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশ ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, সম্প্রতি দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফরের সময় ওয়াশিংটনের পক্ষ থেকে ঢাকার সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারকের প্রস্তাব দেওয়া হয়।
এর আগে গত ৩ আগস্ট পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, বেসামরিক পারমাণবিক সহযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে।
তিনি বলেছিলেন, এ ধরনের সহযোগিতায় বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি বিবেচনা করা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো দ্বিপক্ষীয় চুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থের ভিত্তিতে বিবেচনা করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের পোস্টে আরও বলা হয়েছে, বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি ইতিবাচক। তবে প্রস্তাবিত সহযোগিতা বা সমঝোতার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার বিষয়টি সরকারের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে।


















