চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের সঙ্গে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে দ্বিখণ্ডিত হয়ে যায়। দুর্ঘটনায় পিকআপের চালক সামান্য আহত হলেও ট্রেনের যাত্রীরা সবাই অক্ষত রয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কচুয়াই ইউনিয়নের কমলমুন্সির হাট-মল্লাপাড়া সড়কের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী কক্সবাজার এক্সপ্রেস পটিয়ার কচুয়াই ইউনিয়নের মল্লাপাড়া রাস্তার মাথা এলাকায় পৌঁছালে রেললাইনে থাকা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়েমুচড়ে দ্বিখণ্ডিত হয়ে যায়।
দুর্ঘটনার পর ট্রেনটি পিকআপ ভ্যানটিকে টেনে আনসার ক্যাম্পের সামনে পর্যন্ত নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় লোকজন ভিড় করেন।
পটিয়া রেলওয়ে স্টেশনমাস্টার আবদুস সালাম জানান, দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করেছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, পিকআপ চালক সামান্য আহত হয়েছেন। তবে ট্রেনের যাত্রীরা সবাই অক্ষত আছেন। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।
স্টেশনমাস্টার আরও জানান, দুর্ঘটনার পর উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে আসছে। উদ্ধারকাজ শেষ করে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।


















