আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (২১ সেপ্টেম্বর) আফগান কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। প্রায় তিন মাসের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর নতুন করে এ হামলার ঘটনায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, কুনার প্রদেশের একটি বাড়িতে পাকিস্তানি বিমান হামলায় একই পরিবারের তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
তিনি আরও জানান, পাকতিকা প্রদেশের বারমাল জেলায় দুটি পৃথক স্থানে বোমা হামলা চালানো হয়েছে। এতে একটি দোকান ও একটি পরিত্যক্ত বাড়ি ধ্বংস হয়েছে। তবে এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
হামলার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের মাটিতে অবস্থানকারী সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটির বিভিন্ন এলাকায় আন্তসীমান্ত হামলা চালাচ্ছে। এসব হামলার জন্য পাকিস্তান আফগান ভূখণ্ডকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করে আসছে ইসলামাবাদ।
তবে তালেবান সরকার পাকিস্তানের এই অভিযোগ অস্বীকার করে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে সীমান্ত ঘিরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে।
সর্বশেষ হামলার ঘটনায় নতুন করে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে হামলার পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতি ও এর পরবর্তী পরিস্থিতি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


















