বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধের উদ্যোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৯:২৬ পূর্বাহ্ণ

Spread the love

অস্ট্রেলিয়ায় পড়াশোনার জন্য যাওয়া বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে তাদের স্বামী, স্ত্রী, সঙ্গী ও সন্তানদের দেশটিতে নেওয়ার সুযোগ সীমিত বা বন্ধ করার উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার। একই সঙ্গে অস্থায়ী অভিবাসীদের ভিসা পরিবর্তনের নিয়ম আরও কঠোর করার পরিকল্পনাও করা হচ্ছে।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জাতীয় প্রেস ক্লাবে দেওয়া এক ভাষণে অভিবাসন নীতিতে এসব পরিবর্তনের ঘোষণা দিতে পারেন।

প্রস্তাবিত পরিকল্পনায় ২০২৮ সালের মধ্যে অস্ট্রেলিয়ায় মোট বৈদেশিক অভিবাসনের সংখ্যা বর্তমানের প্রায় ৩ লাখ থেকে কমিয়ে ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

বর্তমানে অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বামী, স্ত্রী বা সঙ্গীরা তাদের সঙ্গে দেশটিতে গিয়ে কাজ করার সুযোগ পান। তবে শিক্ষার্থীর পড়াশোনার বিষয় ও ভিসার শর্ত অনুযায়ী তাদের কাজের সময়ের সীমা ভিন্ন হতে পারে। পাশাপাশি ১৮ বছরের কম বয়সী নির্ভরশীল সন্তানদেরও সঙ্গে নেওয়ার সুযোগ রয়েছে।

সরকারের নতুন উদ্যোগ এমন সময়ে সামনে এসেছে, যখন অস্ট্রেলিয়ায় অস্থায়ী অভিবাসন কমানোর দাবি ক্রমেই জোরালো হচ্ছে। কট্টর ডানপন্থী ওয়ান নেশন পার্টি সম্প্রতি জানিয়েছে, আগামী তিন বছরে অস্থায়ী অভিবাসীর সংখ্যা ৭ লাখ ৫০ হাজার কমানোর পরিকল্পনা রয়েছে তাদের। পরবর্তী সময়ে বছরে মোট বৈদেশিক অভিবাসন ১ লাখ ৩০ হাজারে সীমিত রাখার লক্ষ্যও জানিয়েছে দলটি।

করোনাভাইরাস মহামারির সময় প্রায় দুই বছর সীমান্তে বিধিনিষেধ থাকার পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া সীমান্ত খুলে দেয়। এরপর দেশটিতে অভিবাসনের প্রবাহ দ্রুত বাড়তে থাকে। আন্তর্জাতিক শিক্ষার্থী, ভ্রমণকারী ও অস্থায়ী দক্ষ কর্মীদের বড় একটি অংশ এই প্রবাহের সঙ্গে যুক্ত ছিলেন।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন শেষ হওয়া বছরে অস্ট্রেলিয়ায় মোট বৈদেশিক অভিবাসনের সংখ্যা ছিল ৩ লাখ ৬ হাজার। এর অর্ধেকেরও বেশি ছিলেন আন্তর্জাতিক শিক্ষার্থী। এর আগে ২০২৩ সালে দেশটির মোট বৈদেশিক অভিবাসন সর্বোচ্চ ৫ লাখ ১৮ হাজারে পৌঁছেছিল। ২০২৪ সালে তা কমে দাঁড়ায় ৪ লাখ ২৯ হাজারে।

অভিবাসন বৃদ্ধির ফলে আবাসন ও অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে বলে সমালোচকেরা দাবি করে আসছেন। তবে বিদেশি শিক্ষার্থী ও অস্থায়ী অভিবাসনসংক্রান্ত নীতিতে সম্ভাব্য পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক ও সামাজিক বিতর্কও অব্যাহত রয়েছে

সূত্র : রয়টার্স

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত