বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ

Spread the love

চলতি বছরের বাকি সাড়ে তিন মাসের জ্বালানি চাহিদা মেটাতে ১২ হাজার ৫৩৭ কোটি টাকা ব্যয়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। চীন ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় এসব জ্বালানি কেনা হবে।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একই সময়ে দরপত্র ছাড়াই আরও ৬ লাখ ৯৫ হাজার টন গ্যাস অয়েল ও জেট ফুয়েল কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

দরপত্র ছাড়া সরাসরি পণ্য কেনার ক্ষেত্রে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদন প্রয়োজন হয়।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পরিশোধিত জ্বালানি তেল কেনার ক্ষেত্রে জিটুজি ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০:৫০ অনুপাতে কেনার পূর্বনির্ধারিত শর্ত বৈঠকে শিথিল করা হয়েছে। এর ফলে চীনের ইউনিপেক ও পেট্রো চায়না এবং ইন্দোনেশিয়ার বিএসপি থেকে জিটুজি চুক্তির আওতায় জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ১২ হাজার ৫৩৭ কোটি টাকা ব্যয়ে ঠিক কী পরিমাণ পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে, সে বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে কোনো তথ্য দেওয়া হয়নি।

এর আগে পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমদানি করা গ্যাসের সরবরাহ ও মজুদ কমে যাওয়ায় দরপত্র ছাড়াই ১৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নেয় সরকার।

অগাস্ট মাসেও দুই দফায় দরপত্র ছাড়া মোট ২২ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯ অগাস্ট সাতটি কোম্পানি থেকে দুটি করে মোট ১৪ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত হয়। এর আগে ৬ অগাস্ট আট কার্গো এলএনজি এবং দেশের ‘আপৎকালীন’ এলপিজি চাহিদা পূরণ ও বাজারের ‘স্থিতিশীলতা’ নিশ্চিত করতে ৫ হাজার টন এলপিজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এদিকে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় ছয় মাস ধরে কার্যত বন্ধ থাকার পাশাপাশি সম্প্রতি ইয়েমেনের হুতি যোদ্ধাদের মান্দেব প্রণালি নিয়ে হুমকির কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে দেশের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পশ্চিম এশিয়ার বাইরের উৎস থেকেও তুলনামূলক বেশি দামে তেল ও গ্যাস আমদানি করতে হচ্ছে সরকারকে। পাশাপাশি কখনও কখনও দরপত্র ছাড়াই জ্বালানি কিনে অভ্যন্তরীণ চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সর্বশেষ - অপরাধ