ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের অনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই জাতীয় চিকিৎসক সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন।
সমাবেশের মূল কর্মসূচি শুরু হওয়ার পূর্বে জাতীয় সংসদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি নিম গাছের চারা রোপণ করেন এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও পৃথক একটি বৃক্ষচারা রোপণ করেন। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন, শান্তির কপোত (পায়রা) উড্ডয়ন এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল কর্মসূচির সুচনা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং সাধারণ সম্পাদক ডা. জহিরুল ইসলাম শাকিলসহ দেশের শীর্ষস্থানীয় চিকিৎসকমণ্ডলী।


















