চলতি আগস্ট মাসের শেষ সপ্তাহের মধ্যেই বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, মালয়েশিয়া সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে বাংলাদেশের ধারাবাহিক ও গঠনমূলক আলোচনার মাধ্যমে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। রবিবার (২ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬-২০৩০)’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে গুরুত্বারোপ করে বলেন, সরকার প্রতিটি কর্মীর জন্য নিরাপদ, সুশৃঙ্খল, সম্মানজনক ও সাশ্রয়ী মূল্যে বিদেশে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। অনিয়মিত অভিবাসন ও অসাধু দালালচক্রের খপ্পরে পড়ে সাধারণ কর্মীরা যাতে সর্বস্বান্ত না হন, সে লক্ষ্যে অভিবাসন ব্যয় উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যসহ অন্যান্য শ্রমবাজারে অটোমেশন ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর জোর দিচ্ছে সরকার। বিদেশে প্রবাসী বাংলাদেশিদের সেবার মান বৃদ্ধিতে দূতাবাসগুলোর কনস্যুলার সেবা আধুনিকায়ন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন ‘মাইগ্রেশন অ্যান্ড এনআরবি অ্যাফেয়ার্স উইং’ চালু করার কথা উল্লেখ করে তিনি বলেন, নবপ্রণীত পাঁচ বছরমেয়াদি জাতীয় কর্মপরিকল্পনাটি দেশের সার্বিক অভিবাসন খাতকে আরও আধুনিক ও শক্তিশালী করবে।


















