অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই বিপ্লবের তরুণদের আগামীর বিশ্বনেতা হিসেবে অভিহিত করেছেন। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই আন্দোলন যেমন দেশের রাজনীতিতে নতুন সম্ভাবনা এনেছে, তেমনি তথ্যপ্রযুক্তির এই বিপ্লব ডিজিটাল খাতে আমূল পরিবর্তন আনবে। তিনি স্মরণ করিয়ে দেন যে, জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধের প্রতিবাদে গড়ে ওঠা জনবিক্ষোভই মূলত স্বৈরাচারী সরকারের পতনকে ত্বরান্বিত করেছিল।
ড. ইউনূস তাঁর বক্তব্যে তথ্যপ্রযুক্তিকে দেশের মূল চালিকাশক্তি হিসেবে বর্ণনা করেন এবং আক্ষেপ করে বলেন যে, অতীতে ডিজিটাল সেবার কথা কেবল কাগজে-কলমে ছিল, বাস্তবে নয়। তিনি সরকারি চাকরির প্রচলিত ধারণাকে ‘আধুনিক দাসপ্রথা’ হিসেবে আখ্যায়িত করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। তাঁর মতে, শিক্ষা কেবল চাকরির জন্য নয়; বিশেষ করে পাহাড়ের মতো দুর্গম এলাকায় যেখানে শিক্ষক নেই, সেখানে ইন্টারনেটই হতে পারে শ্রেষ্ঠ শিক্ষক। এছাড়া প্রশাসনিক সংস্কারের গুরুত্ব তুলে ধরে তিনি প্রস্তাব করেন, কোনো সরকারি কর্মকর্তার একই পদে পাঁচ বছরের বেশি থাকা উচিত নয় এবং প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর অন্তর নতুন করে সাজানো প্রয়োজন। দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্মান রক্ষায় জালিয়াতি প্রথা চিরতরে বন্ধ করতে হবে।



















