শনিবার , ৩ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রধানমন্ত্রীর বাসার সৌরবিদ্যুৎ থেকে গ্রিডে ১২০০ ইউনিট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ

Spread the love

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে শুধু ঘোষণায় সীমাবদ্ধ না থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন করেছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের ছাদে উৎপাদিত সৌরবিদ্যুৎ থেকে ১ হাজার ইউনিট তিনি নিজে ব্যবহার করেছেন এবং জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট সরবরাহ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ডিডি (এলজি)-দের অংশগ্রহণে ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায়’ তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গত তিন দিনে এই পরিমাণ সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার করে প্রধানমন্ত্রী একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমবায় ভবনসহ জাতীয় ভবনগুলোর ছাদ ব্যবহার করে নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থা করা হবে। সৌরবিদ্যুৎ উৎপাদনকে অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবেও দেখার কথা বলেন তিনি।

এর আগে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠান, হাটবাজার ও গ্রোথ সেন্টারের ছাদে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগের কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী। এ কর্মসূচিতে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।

দুর্গাপূজা সামনে রেখে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ইউএনওদের সতর্ক থাকার আহ্বান জানান মীর শাহে আলম। কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইউএনওদের সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

ইউএনওদের জন্য একটি ঐচ্ছিক তহবিলের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তাঁর মতে, এ ধরনের তহবিল থাকলে দরিদ্র মানুষকে তাৎক্ষণিকভাবে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া সম্ভব হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থের ব্যবস্থা করতে না পারলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রাজস্ব আয় থেকে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এ ছাড়া বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প মাঠপর্যায়ে ইউএনওদের তত্ত্বাবধানে বাস্তবায়ন হচ্ছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন কার্ড ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচির কাজ তারা সরাসরি তদারকি করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য বার্ষিক সম্মেলনের আয়োজন করা হলে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড ও স্থানীয় দাবিদাওয়া সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানির সরবরাহ বাড়িয়ে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

সর্বশেষ - অপরাধ