জ্বালানি আমদানিনির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার দুপুরে যশোরের ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি ভবনের অব্যবহৃত ছাদে সৌর প্যানেল স্থাপন করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তি নিজেদের বিদ্যুতের চাহিদা মেটাতে পারবেন। এরপর অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।
তিনি বলেন, এ ব্যবস্থার ফলে জাতীয় গ্রিডের ওপর বিদ্যুতের চাপ কমবে। পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রির মাধ্যমে অর্থনৈতিক সুবিধাও পাবে।
কর্মশালায় ২০২৬-২০৩০ মেয়াদি জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্থায়ন, কার্বন ক্রেডিট ও বিভিন্ন ধরনের প্রণোদনার বিষয়ও আলোচনায় আসে।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে কর্মশালায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, জিআইজেড বাংলাদেশের প্রতিনিধি, খুলনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।


















