জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এর বড় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে অসাধু ব্যবসায়ীরা যাতে জ্বালানির দাম বাড়ার সুযোগ নিয়ে পণ্যের দাম বাড়াতে না পারে, সে জন্য বাজার তদারকি আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে সিলেটের লাক্কাতুরায় চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নিত্যপণ্যের দামে তেমন কোনো প্রভাব পড়বে না। তবে কেউ যেন এই সুযোগকে কাজে লাগিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়াতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক থাকবে এবং বাজার তদারকি জোরদার করা হবে।
মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়লেও তা পার্শ্ববর্তী দেশে পাচারের কোনো সম্ভাবনা নেই। এ বিষয়ে উদ্বেগের কারণ দেখছেন না তিনি।
এ সময় বিরোধী দলকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। শাসনব্যবস্থার একটি অংশ হিসেবে বিরোধী দলের দায়িত্বশীল আচরণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন চা-বাগানের ১ হাজার ৯৮০ জন শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়।
এর আগে জুলাই মাসেও লাক্কাতুরায় এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে বক্তব্য দিয়েছিলেন। সে সময় তিনি জানিয়েছিলেন, আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা বাড়লেও দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।


















