ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকার ‘শিখা ইন’ আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতদের মধ্যে ৭ জন বাংলাদেশি এবং ২ জন ভারতীয় নাগরিক রয়েছেন। বৃহস্পতিবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে দুই ভারতীয় নাগরিকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হলেও বাংলাদেশি নাগরিকদের মরদেহ মর্গে রাখা হয়েছে।
কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশন জানিয়েছে, আগামী শনিবারের (২২ আগস্ট) মধ্যে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পাঠানোর আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি চলছে। নিহত বাংলাদেশি নাগরিকদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে; তারা হলেন আকরাম আলী, দেবাশীষ দত্ত, আফসানা শিরমিন, সর্নাশীষ দত্ত, বাবু আহমেদ, রেবতী সরকার ও এস এম আলিমুজ্জামান। ইতোমধ্যে স্বজনদের অনেকে কলকাতায় পৌঁছেছেন।
মঙ্গলবার গভীর রাতে ১৫জি মির্জা গালিব স্ট্রিটের হোটেলটিতে এসি বিস্ফোরণ বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্তে কলকাতা পুলিশ একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করেছে। এছাড়া, অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুজন হোটেলকর্মীকে আটক করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে ওই এলাকার বেশ কিছু লজ ও গেস্ট হাউসে অতিথি রাখা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।


















