প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, সপ্তাহের প্রথম কার্যদিবসের প্রথম সভা হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সভায় পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিশিষ্ট পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাতসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের জানান, আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য বন্যা ও প্লাবন মোকাবিলায় সরকারের আগাম প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। সরকার বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষিকাজে পানি সরবরাহ নিশ্চিত করতে যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছে, তা প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। প্রধানমন্ত্রী বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
মন্ত্রী আরও জানান, দেশব্যাপী চলমান খাল খনন কর্মসূচি আরও বেগবান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেটে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত থেকে নতুন খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। এর আগে দুপুর ১২টা ৫ মিনিটে সচিবালয়ে নিজ দফতরে পৌঁছান প্রধানমন্ত্রী। বর্ষা পূর্ববর্তী এই প্রস্তুতিমূলক সভা দেশের কৃষি ও জানমালের সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।



















