রাজধানীতে নির্বাচনী সহিংসতার ঘটনায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারালেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির।
বুধবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে ফার্মগেটের স্টার হোটেলের সামনে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, তাকে লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়, যার কয়েকটি তার পেটে লাগে।
এ ঘটনায় আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হন। তিনি কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মুসাব্বিরকে গুলি করে পালিয়ে যাওয়ার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে গণমাধ্যমের হাতে এসেছে। ফুটেজে দেখা যায়, গুলির পরপরই দুর্বৃত্তরা দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা দুজনকে গুলি করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।



















