জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ‘জুলাই যোদ্ধাদের’ দায়মুক্তি দিতে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে আসিফ নজরুল বলেন, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানকালে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়েছেন, সে জন্য তাদের দায়মুক্তি দেওয়া প্রয়োজন। তিনি বলেন, এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ এবং বিশ্বের বিভিন্ন দেশে গণঅভ্যুত্থান ও বিপ্লবের পর এমন নজির রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তি আইনের বৈধতা রয়েছে এবং ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্যও দায়মুক্তি আইন প্রণয়ন করা হয়েছিল।
এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় ইতোমধ্যে দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া প্রস্তুত করেছে জানিয়ে তিনি বলেন, আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাইকে নিরাপদ রাখা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।



















