ফিলিস্তিনের গাজায় ত্রাণসামগ্রী নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তত ১৩টি জাহাজ আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গসহ একাধিক অধিকারকর্মীকেও আটক করা হয়।
রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি সেনারা একটি জাহাজে অনুপ্রবেশ করে সেটিকে বন্দরে নিয়ে যায়। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জাহাজের ডেকে গ্রেটা থুনবার্গসহ কয়েকজনকে সেনারা ঘিরে রেখেছে।
ইসরায়েল দাবি করছে, ফ্লোটিলা হামাসের সঙ্গে সম্পৃক্ত। তবে আয়োজকরা বলছেন, তারা আন্তর্জাতিক জলসীমায় বৈধভাবে চলছিলেন। এই হস্তক্ষেপকে তারা “অপহরণ” বলে আখ্যা দিয়েছেন।
৪৬টি বেসামরিক নৌযান নিয়ে গঠিত ফ্লোটিলায় বিভিন্ন দেশের সংসদ সদস্য, আইনজীবী ও মানবাধিকারকর্মীরা অংশ নিয়েছেন। আয়োজকদের লক্ষ্য, দীর্ঘদিনের অবরোধ ভেঙে যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ পৌঁছানো।
এ ঘটনায় ইতালি, আর্জেন্টিনা ও তুরস্কসহ বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে।
সূত্র: রয়টার্স



















