ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে দেশের গণতন্ত্রের অভিমুখে একটি বিশাল পদযাত্রা বলে অভিহিত করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
নির্বাচনের আগের রাতে (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, দেড় যুগ পর তরুণরা অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। তাই শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, বিপুল সংখ্যায় ভোট দিতে আসার জন্য। তার মতে, যে-ই জিতুক, অন্যরা তাকে বরণ করে নেবে—এমন গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে উঠতে হবে।
তিনি আরও বলেন, “এই নির্বাচন আমাদের গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা। আশা করি এর আয়োজন সফলভাবে সম্পন্ন হবে।”
আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। নির্বাচনে একজন ভোটার ৪১টি ভোট দেবেন—কেন্দ্রীয় সংসদের ২৮টি পদ এবং হল সংসদের ১৩টি পদের জন্য।
ডাকসুর মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী।



















