জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ, মিছিল ও মানববন্ধনের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নং-III/৭৬) ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী সোমবার (১৪ জুলাই) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নলিখিত স্থানগুলোতে সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো:
- প্রধান বিচারপতির সরকারি বাসভবন
- বিচারপতি ভবন
- জাজেস কমপ্লেক্স
- বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট
- মাজার গেট
- জামে মসজিদ গেট
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট
- বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিটিউট ভবনের সম্মুখ
ডিএমপি আরও জানিয়েছে, এর আগেও প্রধান উপদেষ্টার বাসবভন, প্রধান বিচারপতির বাসভবনসহ কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যা এখনো বলবৎ রয়েছে।
এছাড়াও, বিভিন্ন দাবিদাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ করেছে ডিএমপি।



















