মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহে সংকটের আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে। সৌদি আরবে সাম্প্রতিক হামলা এবং ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য নতুন সামরিক অভিযানের খবরে টানা তৃতীয় সপ্তাহের মতো ঊর্ধ্বমুখী রয়েছে জ্বালানি তেলের বাজার।
শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ০.৩৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ০.৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৮০ ডলারে। এ নিয়ে চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক হামলার ঘটনাগুলো জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইয়ানবু বন্দরে হামলা চালানোর পাশাপাশি দেশটির একটি তেলক্ষেত্র ও বিমানবন্দরেও আঘাত হেনেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে বড় ধরনের হামলার পরিকল্পনার খবরও বাজারে প্রভাব ফেলেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের চলতি সপ্তাহের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে যৌথ হামলা চালানোর পরিকল্পনা করছে দেশ দুটি।
মধ্যপ্রাচ্যের এই সংঘাতের প্রভাবে চলতি বছরে ব্রেন্ট ক্রুডের দাম ৮৫ শতাংশের বেশি বেড়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। পরিস্থিতির আরও অবনতি হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে অস্থিরতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি


















