ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের সবচেয়ে বড় পরিচয়—আমরা সবাই এ দেশের সন্তান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী সময়ে গণতন্ত্র রক্ষার আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সব ধর্মের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই-সংগ্রাম করেছেন। এসব আন্দোলন-সংগ্রামে কারও ধর্মীয় পরিচয় মুখ্য ছিল না।
তিনি বলেন, দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও কর্তব্য রয়েছে। নাগরিক হিসেবে নিরাপত্তা পাওয়াও সব ধর্মের মানুষের মৌলিক অধিকার।
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, পারস্পরিক বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে হবে। সবাইকে মানুষ হিসেবে বিবেচনা করে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন, দেশের সব মানুষের অধিকার ও মর্যাদা সমান। পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের মধ্য দিয়ে সবাইকে একসঙ্গে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।


















