ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের রাতভর চালানো বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩৩ জনের বেশি মানুষ। শনিবার ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে ইয়েমেনের তায়েজ গভর্নরেটে ঘনবসতিপূর্ণ একটি বেসামরিক আবাসিক এলাকায় সৌদি যুদ্ধবিমান হামলা চালায়। এতে অন্তত নয়জন নিহত ও ১৬ জন আহত হন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে রয়েছেন বলে জানানো হয়েছে।
এর আগে ধামার প্রদেশে চালানো পৃথক বিমান হামলায় তিন শিশু নিহত এবং ১৭ জন আহত হয় বলে হুতি-নিয়ন্ত্রিত গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হুতি কর্তৃপক্ষের অভিযোগ, হামলাগুলোতে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
হুতিদের দাবি অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইয়েমেনে সৌদি বিমান হামলায় অন্তত ১১৫ জন নিহত এবং ৩০৫ জন আহত হয়েছেন।
অন্যদিকে, শনিবার সকালে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি দাবি করেন, তাঁদের প্রতিরক্ষাব্যবস্থা হুতিদের পাঠানো অন্তত চারটি বিস্ফোরকবাহী ড্রোন আকাশেই ধ্বংস করেছে। এর মধ্যে একটি ড্রোন সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে যাচ্ছিল বলে জানান তিনি।
ইয়েমেনে হামলায় হতাহতের বিষয়ে হুতি-নিয়ন্ত্রিত গণমাধ্যমের দেওয়া তথ্য এবং সৌদি জোটের ড্রোন প্রতিহত করার দাবি সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত হয়েছে।


















