ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে ভক্তদের ভিড়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ধানবোঝাই ট্রাক উঠে গেলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শনিবার দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
গোয়ালিয়রের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) ধর্মবীর সিং জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ছিনোর দিক থেকে আসা একটি ভারী ট্রাক নির্ধারিত ঢাল বেয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ট্রাকটি পুলিশের ব্যারিকেড ও চেকপোস্ট ভেঙে সড়কে থাকা ভক্তদের ওপর উঠে যায়। পরে ট্রাকটি শীতলা মাতা মন্দিরের মূল ফটক ও প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নবরাত্রি উপলক্ষে মন্দির এলাকায় বহু ভক্তের সমাগম হয়েছিল। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
গোয়ালিয়রের কালেক্টর রুচিকা চৌহান জানান, দুর্ঘটনায় আহত ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যরা তুলনামূলক কম আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


















