মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনেও নম্বরপ্লেট প্রদর্শনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত মাপ ও শর্ত অনুসরণ করে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিআরটিএর নতুন নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলের সামনে নিজস্ব ব্যবস্থাপনায় নম্বরপ্লেট লাগাতে হবে। এ ক্ষেত্রে স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের জন্য আলাদা মাপ নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, স্কুটারের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে।
নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটের পটভূমি হবে সাদা এবং তাতে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া নম্বরপ্লেটের ওপর কোনো ধরনের শোভাবর্ধক উপাদান বা নকশা যুক্ত করা যাবে না। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর একই আনুভূমিক রেখায় প্রদর্শনের সুযোগ রাখা হয়েছে। উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে—ঢাকা মেট্রো-ল-১১-১২২৯।
সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলে অনুমোদিত আরএফআইডি ট্যাগসহ রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। এর পাশাপাশি সামনের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিআরটিএ।
নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত শর্ত মেনে নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট মোটরসাইকেলের মালিক বা ব্যবহারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।


















