দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপি, মহানগর উত্তর যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৪ জন নেতাকর্মীকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মো. আমিনুল ইসলাম ও মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর-শাহআলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সদস্য হাফিজুর রহমান শুভ্র ও সি-ব্লক ইউনিটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে বহিষ্কার করা হয়। অন্যদিকে মেয়াদোত্তীর্ণ হওয়ায় মহানগর উত্তর যুবদল ও পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ ছাড়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে পশ্চিম ছাত্রদলের ৫ জন, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের ২ জন এবং শাহআলী ও দারুসসালাম থানা শ্রমিক দলের ৪ নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে। সম্প্রতি মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনার পর এই বৃহৎ সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হলো।


















