রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার, উত্তোলনের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ

Spread the love

বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। তাঁর দাবি, বঙ্গোপসাগরের একদিকে মিয়ানমার এবং অন্যদিকে ভারত গ্যাস উত্তোলন করছে। বাংলাদেশও সমুদ্রের তলদেশ থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, দেশে বর্তমানে গ্যাসের সংকট রয়েছে এবং গ্যাসের অভাবে কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। তাঁর দাবি, আগের সরকার বঙ্গোপসাগরের সম্ভাব্য গ্যাসসম্পদ উত্তোলনে উদ্যোগ নেয়নি। তবে বর্তমান সরকার সমুদ্রের তলদেশ থেকে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা করে বঙ্গোপসাগরের নিচ থেকে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করেছেন। ওই গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

একই সঙ্গে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের ঘরে ঘরে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। হাসপাতালগুলোও সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নিয়েও সমালোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, পর্যাপ্ত কয়লা না থাকা সত্ত্বেও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছিল এবং এর ফলে বিপুল পরিমাণ অর্থ ক্যাপাসিটি চার্জ হিসেবে পরিশোধ করতে হয়েছে। এসব কর্মকাণ্ডকে তিনি দুর্নীতি হিসেবে উল্লেখ করেন।

বিদ্যুৎ ও সার সরবরাহ নিয়েও বক্তব্য দেন তিনি। মন্ত্রীর দাবি, কিছু এলাকায় সারের সংকট তৈরি হলেও সরকার তা মোকাবিলা করেছে এবং বর্তমানে পর্যাপ্ত সার মজুত রয়েছে। কৃষকদের কাছে সার সরবরাহ আরও নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে নতুন ডিলার এবং তাঁদের অধীনে সাব-ডিলার নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।

তিস্তা ব্যারেজ নির্মাণ প্রসঙ্গে সরদার সাখাওয়াত হোসেন বলেন, চীনের সহযোগিতায় তিস্তা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁর ভাষ্য, বর্ষা ও শুষ্ক মৌসুমে পানির প্রবাহজনিত সমস্যা মোকাবিলা এবং দেশের স্বার্থ রক্ষায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

মানিকগঞ্জের ওই মতবিনিময় সভায় জেলা বিএনপির নেতারা ছাড়াও স্থানীয় সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। সভা শেষে মানিকগঞ্জ শহরে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলেও অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত