চাঁদা দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্টুডিওর সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি ও কক্ষের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। একই সঙ্গে স্টুডিওর বিভিন্ন সামগ্রী লুটপাটের অভিযোগও পাওয়া গেছে।
তবে পুলিশের ভাষ্য অনুযায়ী, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরের একটি অফিসে হামলার ঘটনা ঘটেছে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ছোরাসহ দুজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
চাঁদা দাবির অভিযোগ, হামলা ও লুটপাটের ঘটনায় কারা জড়িত এবং এর প্রকৃত কারণ কী—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


















