মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ডিগ্রি পরীক্ষায় অনিয়মের ভিডিও করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। শুক্রবার (২৮ আগস্ট) পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, পরীক্ষার্থীদের ৫০০ টাকার বিনিময়ে বই দেখে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে তারা কাজিপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে যান। সেখানে অনিয়মের দৃশ্য মুঠোফোনে ধারণ করার সময় কলেজের শিক্ষক মনিরুজ্জামান বিপ্লবসহ দুই শিক্ষক তাদের ওপর চড়াও হন।
সাংবাদিকদের দাবি, হামলার সময় তাদের মারধর করা হয় এবং ধারণ করা ভিডিওসহ দুটি মুঠোফোন নিয়ে নেওয়া হয়। পরে তাদের একটি কক্ষে আটকে রাখা হয়। একপর্যায়ে কৌশলে সেখান থেকে বের হয়ে তারা গাংনী হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
আহত সাংবাদিকরা হলেন বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ এবং দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তারেক হোসেন। ঘটনার পর তারা গাংনী থানায় লিখিত অভিযোগ করেছেন।
সাংবাদিকদের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, সাংবাদিকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত, ছিনিয়ে নেওয়া মুঠোফোন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


















