রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণ ও আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করতে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের মূল সংসদ কক্ষে সংসদ সদস্যদের এক বিশেষ বৈঠক আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের পক্ষে মঙ্গলবার (১১ আগস্ট) ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত আনুষ্ঠানিক নোটিশ জারি করেন। নোটিশে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ৫(৩) এবং নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠক আহ্বান করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ কক্ষে ভোটগ্রহণ প্রক্রিয়া পরিচালিত হবে।
গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিলে পদটি শূন্য হয়। পরবর্তীতে শূন্য পদের প্রপ্রেক্ষিতে নির্বাচন কমিশন দ্রুত নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের রাজনৈতিক জোটের প্রার্থীর পাশাপাশি বিরোধী দল জামায়াতে ইসলামী সমর্থিত আলাদা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে। একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাঠে থাকায় দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ গোপন ব্যালটে ভোটদানের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ঐতিহাসিক সম্ভাবনা তৈরি হয়েছে।


















