গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম ও কক্সবাজারের একদিনের সরকারি ও সাংগঠনিক সফরে আসছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং চট্টগ্রাম জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বাত্মক নিরাপত্তামূলক ও সাংগঠনিক প্রস্তুতি। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে হেলিকপ্টারযোগে কক্সবাজারের মহেশখালী পৌঁছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সার্বিক কার্যক্রম সরেজমিন পরিদর্শন করবেন। পরবর্তীতে তিনি চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি, হাটহাজারী এবং চট্টগ্রাম নগরে একাধিক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।
সফরের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী বাঁশখালীর বাহারছড়া সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় সাম্প্রতিক প্রলয়ংকারী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করবেন এবং ১০০টি গৃহহারা পরিবারের হাতে নতুন নির্মিত ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন। এরপর ফটিকছড়ির ঐতিহাসিক বাবুনগর মাদ্রাসায় পৌঁছে হেফাজতে ইসলামের বর্তমান আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাত ও শীর্ষ নেতাদের সাথে সৌজন্য মতবিনিময় করার কথা রয়েছে। পরবর্তীতে তিনি হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা শফীর কবর জিয়ারত শেষে হাটহাজারী সরকারি কলেজ মাঠে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করবেন। সফরের সমাপনী কর্মসূচি হিসেবে রোববার সন্ধ্যায় নগরের একটি পাঁচ তারকা হোটেলে চট্টগ্রাম বিভাগীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের প্রায় ৬০০ তৃণমূল নেতার সাথে বিশেষ সাংগঠনিক মতবিনিময় সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।


















